সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি মাহদী আমিনের
ছবি সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক:
জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওসহ রাজধানীর বিভিন্ন স্থানে হামলা ও ভাঙচুরের ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।
রোববার (২৭ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
সাম্প্রতিক সময়ে রাজধানীতে ক্লিনিক ও সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাহদী আমিন বলেন, ‘আমরা তখন জার্নিতে ছিলাম। যতটুকু জানি, মিরপুর-১ এর স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলার ঘটনায় ৯ জনকে খুব দ্রুততম সময়ে গ্রেপ্তার করা হয়েছে।’
তিনি বলেন, সরকারের অবস্থান এ বিষয়ে খুবই স্পষ্ট। কেউ যদি সরকারের কোনো কর্তাব্যক্তির নাম কিংবা কোনো দলের নেতা বা পরিচিতি ব্যবহার করে এ ধরনের কর্মকাণ্ড করে, তাহলে আইন তার নিজস্ব গতিতে চলবে। সরকার এ বিষয়ে সর্বোচ্চ কঠোর অবস্থান নেবে এবং দ্রুত তদন্তের মাধ্যমে জড়িতদের গ্রেপ্তার করা হবে।
মাহদী আমিন বলেন, ‘আপনারা এরই মধ্যে সেই অগ্রগতি দেখতে পাচ্ছেন। আমরা বিশ্বাস করি, আইনশৃঙ্খলা বাহিনী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীলরা আইন দ্রুত কার্যকর করার ক্ষেত্রে যেখানে যে পদক্ষেপ নেওয়া প্রয়োজন, তা নেবেন।’
তিনি আরও বলেন, এর আগেও দেখা গেছে, বিচ্ছিন্নভাবে কোথাও কোনো ঘটনা ঘটলে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার ও তদন্ত করা হয়েছে। আইনের শাসন যাতে প্রাধান্য পায়, তা নিশ্চিত করা হবে।
‘এ ধরনের কোনো দুষ্কৃতিকারী যদি থাকে, যারা সেখানে আইন লঙ্ঘন করছে কিংবা কোনো ধরনের অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করবে, সরকার অবশ্যই কঠোর হাতে তা দমন করবে,’ বলেন মাহদী আমিন।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক/ যোগফল. কম

আপনার মতামত লিখুন